আজ শহীদ আসাদ দিবস
আজ শহীদ আসাদ দিবস। পুরো নাম- আমানুল্লাহ আসাদুজ্জামান। শহীদ আসাদ ১৯৪২ সালের ১০
জুন নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার্থে
জগন্নাথ কলেজে ভর্তি হন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
স্নাতক শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৬৬ সালে বি.এ. এবং ১৯৬৭ সালে
এম.এ. ডিগ্রী অর্জন করেন। ঐ বৎসরই তিনি ন্যাপের সভাপতি মওলানা আব্দুল হামিদ খান
ভাসানীর নির্দেশনায় কৃষক সমিতিকে সংগঠিত করার কাজে নিজেকে সম্পৃক্ত করেন। ভাল ফলাফলের আশায় তিনি আবার ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। মৃত্যুকালে তিনি এম.এ. শেষ বর্ষের ছাত্র ছিলেন। ৬ ডিসেম্বর, ১৯৬৮ সালে ভাসানীর ডাকে হরতাল আহবানের ফলে ব্যবসায়ীরা
তাতে পূর্ণ সমর্থন জানায়। এ প্রেক্ষাপটে গভর্ণর
হাউস ঘেরাওয়ের জন্য ছাত্র সংগঠনগুলো পূর্ব থেকেই নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিয়েছিল। ৪ জানুয়ারী, ১৯৬৯ তারিখে ছাত্রদের ১১ দফা ও বঙ্গবন্ধুর ৬ দফা দাবীর
সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রধান ভূমিকা রাখেন শহীদ আসাদ। ১৭ জানুয়ারী, ১৯৬৯ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ছাত্ররা
দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেয়। ফলে গভর্ণর হিসেবে মোনেম খান ১৪৪ ধারা জারী করেন যাতে চার জনের বেশি লোক একত্রিত
হওয়া নিষিদ্ধ হয়। ২০ জানুয়ারী, ১৯৬৯ তারিখে ছাত্ররা
১৪৪ ধারা উপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ এলাকার চানখার পুলে সমেবত হতে থাকলে পুলিশ
বাধা দেয়। ছাত্ররা তখন রাস্তায় অবস্থান নিয়ে স্বৈরাচারী সরকারের
বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এর নেতৃত্বে ছিলেন
আসাদ। এ সময় পুলিশ খুব কাছে থেকে আসাদকে লক্ষ্য করে গুলি
ছুঁড়লে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। আসাদের মৃত্যু সে
সময়ে গণতন্ত্রের জন্য আন্দোলনকে বেগবান করে ও আইয়ুবের স্বৈরশাসনের ভিতে বড় রকম আঘাত
হানে।

একটি মন্তব্য পোস্ট করুন