আমার লিখা একুশের কবিতা: একুশ দেখিনি আমি


একুশ দেখিনি আমি

একুশ দেখিনি আমি, তোমাদের মতো করে,
বায়ান্নোর পর দেখিনি রক্তের রাজপথ।
দেখিনি নগ্ন পায়ের প্রভাতফেরি,
ফুলেল শহীদ মিনার।

দেখিনি আমার মায়ের আহজারি,
দেখিনি বোনের চোখের পানি।
দেখিনি প্রিয়তমার হাহাকার;
শুধু ভেবেছিলাম মৃত্যুর ক্ষণে।

দেখেছি রফিক, শফিক, বরকতকে,
যখন মিছিল চলেছিল রাজপথের বুকে।
সেই মিছিলে আমিও ছিলাম;
মায়ের ভাষা ফিরে পাবার সুখে।

দেখেছি ভাষার জন্য তরুণ রক্তে
হানাদারদের বিজয় উল্লাস;
রক্তে রাঙা রাজপথে বাংলা বর্নমালা,
আর বুনেছি জন্মভূমির স্বাধীনতার স্বপ্ন।

পিছু হটিনি ছুটে চলেছি বুক পেতে,
তোমাদের জন্য স্বপ্ন দেখেছি তাতে।
সেদিনের কথা ভেবে যেদিন বলবে তোমরা,
ভায়ের রক্তে কেনা একুশ; সেই চেতনায় স্বাধীনতা।